গত ২৪ ঘন্টায় সারাদেশে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৬০ জন। তবে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৩ জন ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচ জন রয়েছেন।
একই সময়ে ৫১২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ মোট ৭৯ হাজার ৪৬০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৬৬ জন। এর মধ্যে ৬১ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে মোট ৩২৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
আরো পড়ুন: