নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ২১:২০

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, 'যে দেশের ৫০ ভাগ নারী আছে, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়।'

শুক্রবার বেলা ১১টার দিকে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের জন্য প্রথমবারের মতো তিন দিনব্যাপী আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাঁদের দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান সেনাপ্রধান।

তিনি বলেন, 'ভালো মানুষ হতে হলে নীতি ও নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক দক্ষ ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব চাই, নারীর ক্ষমতায়নও চাই। আমাদের ভাবতে হবে, দেশের ৫০ ভাগ নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। তাই নারীদের দক্ষ ভাবে গড়ে তুলতে হবে।'

নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, 'পূর্বসূরিদের মতো দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন।'

অ্যাসোসিয়েশন অব জয়পুরহাট এক্স ক্যাডেটস (AJC) পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন এবং পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক এবং জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। 

এ সময় জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।