চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বটতলা এলাকায় যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চার জন নিহত হয়েছেন। হতাহতদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। তবে এখনো কারও পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইমরান বলেন, 'এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।'
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী বলেন, 'দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।'
আরো পড়ুন: