উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ২২:০৪

আপডেট: ১৬ নভেম্বর, ২০২৫ ২২:০৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, রাত ৯টার দিকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে এরই মধ্যে কাজ শুরু হয়েছে।

এর আগে রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আবদুল বাসির (৫০) নামের এক পথচারী আহত হন।

সোমবার জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গত কয়েকদিন থেকে বিক্ষিপ্ত ভাবে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।