ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ১৭:৪৮

গত ২৪ ঘন্টায় সারাদেশে (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার সাত জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৯ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৮৬ হাজার চার জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৫০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৫ জন, ঢাকা বিভাগে ২৫৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৯১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪২ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ৪১, রংপুর বিভাগে পাঁচ জন ও সিলেট বিভাগে তিন জন রয়েছেন।

একই সময়ে যে পাঁচ জন মারা গেছেন তাদের মধ্যে দু'জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এবং একজনের ময়মনসিংহ বিভাগে মৃত্যু হয়েছে।

গত একদিনে এক হাজার ১৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮২ হাজার ৬১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।