রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী লাগাতার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকবৃন্দ।
বুধবার বিকেল ৩টার দিকে জেলার একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষণাকারীর পক্ষে বক্তব্য রাখেন শিক্ষার্থী ইব্রাহিম রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতা রাকিব হাসান, শিক্ষার্থী নুরুল আলম, রুবেল হোসেন, রেজাউল করিম রাজু ও ইমাম হোসাইন।
নেতৃবৃন্দ বলেন, জেলা পরিষদে কোটা বৈষম্য বাদ দিয়ে সঠিক ভাবে নিয়োগ দেওয়ার জন্য আমরা শান্তিপূর্ণ ভাবে দাবি জানিয়েছিলাম। কিন্তু রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ কোনো সমাধান দেয়নি। বাধ্য হয়েই আমরা হরতাল কর্মসূচি ঘোষণা করেছি।
তারা বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কোটার উল্লেখ নেই এবং শূন্য পদের সংখ্যাও স্পষ্ট ভাবে জানানো হয়নি। সরকার কর্তৃক নির্ধারিত ৭ শতাংশ কোটা বিধান উপেক্ষা করে পরিষদ কর্তৃপক্ষ ৭০ শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি কোটা অনুসারে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে, যা দুঃখজনক। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কোটা প্রথার নামে বৈষম্য ও মেধা হত্যার সিদ্ধান্ত আমরা মেনে নেব না।
আগামী ২০ ও ২১ নভেম্বর হরতাল চলাকালীন জেলা শহরের সব সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।
আরো পড়ুন: