গাজীপুরে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১৮:৩৬

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৫ ১৮:৩৭

গাজীপুরে স্ট্যান্ডার্ড ফিনিক্স অয়েল লিমিটেড কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বাঘেরবাজার এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

জানা গেছে, হঠাৎ বিকট শব্দের পর কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার নিরাপত্তা কর্মীরা অগ্নিনির্বাপণের চেষ্টা করলেও আগুনের তীব্রতা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

ওই কারখানার ডিস্ট্রিবিউশন শাখার শ্রমিক আবু হানিফ বলেন, 'দুপুরের দিকে হঠাৎ ধোঁয়া দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পরে। এ সময় শ্রমিকরা আতঙ্কে দৌঁড়াদৌঁড়ি শুরু করে। আগুনের শিখা কয়েকতলা ভবনের ওপর দিয়ে উঠে যায়।'

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, 'কারখানাটিতে বিভিন্ন ধরনের তেল ও কেমিক্যাল মজুত ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিভাতে তাদের বেশ বেগ পেতে হয়। আগুন যাতে আশপাশের অন্য কারখানা ও দোকানে ছড়িয়ে না পড়ে সে দিকে সবচেয়ে বেশি সতর্কতা থাকতে হয়।'

তিনি বলেন, 'আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করেছে। কারখানায় তেল ও দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা প্রতি মুহূর্তে বাড়তে থাকে। আগুন পাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে। আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কারখানার ভেতরে কেউ আটকা পড়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।'

আগুনে কারখানার বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ঘটনাস্থলে স্থানীয় মানুষ ভিড় করায় ফায়ার সার্ভিসের কাজে ব্যাঘাত ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়।

আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে মনে করছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুন লাগার কারণ বিস্তারিত তদন্ত করে কারণ জানানো হবে।

 

গাজীপুরে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড