ডেঙ্গুতে প্রাণহানি কমলো

ডেঙ্গুতে প্রাণহানি কমলো
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১৮:০৩

আপডেট: ২০ নভেম্বর, ২০২৫ ২২:৩১

গত ২৪ ঘন্টায় সারাদেশে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪৫ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৮ হাজার ৪৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫৩ জনের।

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৪৫ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৭ জন, খুলনা বিভাগে ৩২ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৫৩ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৮ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে একজন (সিটি কর্পোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন। 

গত একদিনে সারাদেশে ৬৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৫ হাজার ২৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।