সুনামগঞ্জে ভারত থেকে চোরাইপথে আনা বিপুল পরিমাণ কাপড় ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার মইনপুর এলাকায় যৌথ অভিযান চালায় টাস্কফোর্স।
অভিযানে একটি গুদাম ঘর ও সুরমা নদীতে থাকা একটি কাঠবডি ইঞ্জিনচালিত নৌকা থেকে মালিকবিহীন অবস্থায় এক হাজার ২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস এবং ১৯৫ পিস কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে ২৮ বিজিবি।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, 'সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। চোরাইপথে আনা এসব পণ্য শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।'
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরো পড়ুন: