৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ

৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ১১:৩৫

আপডেট: ২১ নভেম্বর, ২০২৫ ১৬:৪২

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট থেকে ১০টা ৩৯ মিনিটের মধ্যে কম্পনটি অনুভূত হয়। বাংলাদেশ ও ভারতের কিছু অংশেও ভূমিকম্পের প্রভাব ছড়িয়ে পড়ে।

হঠাৎ কম্পন শুরু হলে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ভূমিকম্পের সময় পুরান ঢাকার একটি ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী চাপা পড়ে মারা যান। পুলিশ ও স্থানীয়রা জানান, কম্পনের সময় ভবনটি কাঁপতে থাকলে দুর্বল রেলিংটি নিচে পড়ে যায়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন, “রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এর কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে মাধবদী এলাকায়। এটি মাঝারি মাত্রার কম্পন।”

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পটি অনুভূত হয়। তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানান।

আফটারশকের সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, “প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, এমন ভূমিকম্পের পর সামান্য আফটারশক হতে পারে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।”