ভূমিকম্পে সারাদেশে নিহত ৬

ভূমিকম্পে সারাদেশে নিহত ৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ১৬:৪১

আপডেট: ২১ নভেম্বর, ২০২৫ ২১:১১

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে সারাদেশে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়।

ঢাকা
পুরান ঢাকার বংশালে পাঁচ তলা ভবনের রেলিং ধসে তিন জন নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন এ তথ্য জানান।

নিহতরা হলেন- সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম, হাজী আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১২)।

নিহত রাফির মা নুসরাতের সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার চলছে। তিনি জানেন না , তার ছেলে আর বেঁচে নেই।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচ তলা ভবনের রেলিং ধসে তিন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পর পরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, 'তিন জনের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'

নরসিংদী
ভূমিকম্পে নরসিংদীতে সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে ওমর (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জল গুরুতর আহত হয়েছেন।

একই উপজেলায় ভূমিকম্পে মাটির দেওয়াল ধসে চাপা পড়ে কাজম আলী (৭৫) নামে এ বৃদ্ধের মৃত্যু হয়েছে। জেলার পলাশের মালিতা গ্রামে এ ঘটনা ঘটে। 

এছাড়াও, ভূমিকম্পে জেলাজুড়ে অন্তত ৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ছাদের রেলিং ভেঙে একসঙ্গে তিন জন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ
রূপগঞ্জে ভূমিকম্পে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। এছাড়া ওই জেলায় অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।