ভূমিকম্পে নরসিংদীর গাবতলীতে দেয়াল চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন ওই শিশুর বাবা। শুক্রবার সকালে ভূমিকম্পের এ ঘটনা ঘটে।
নিহত ওমর (১০) কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার উজ্জ্বলের ছেলে। উজ্জ্বলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবাকে গুরুতর আহত অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।
নিহত শিশুর চাচা জাকির জানান, ভূমিকম্পের সময় তারা (বাবা-ছেলে) বাসায় ছিলেন। ওই সময় বাসার দেয়াল চাপা পড়ে বাবা এবং ছেলে গুরুতর আহত হয়। প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ঢামেকে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক শিশু ওমরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার বাবাকে ঢামেকের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত শিশু ওমর একটি মাদ্রাসায় হেফজখানায় লেখাপড়া করতো। তার বাবা জাতীয় গৃহায়নের অফিস সহকারী হিসেবে চাকরি করেন। তাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায়, বর্তমানে নরসিংদীর সদর গাবতলী এলাকায় ভাড়া থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ভূমিকম্পে নিহত শিশুর মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
আরো পড়ুন: