মেট্রোরেলের লাইন থেকে অবিস্ফোরিত ২ ককটেল উদ্ধার

মেট্রোরেলের লাইন থেকে অবিস্ফোরিত ২ ককটেল উদ্ধার
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ১৭:১৯

আপডেট: ২১ নভেম্বর, ২০২৫ ১৭:১৯

মেট্রোরেলের ট্র‍্যাক লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এমআরটি পুলিশ। খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি অপসারণ করে।

শুক্রবার সকাল ৯টার দিকে মেট্রোরেলের লাইনে রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি জায়গায় ককটেল দুটি পড়ে থাকার সংবাদ পায় এমআরটি পুলিশ।

এমআরটি পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সোহেল চৌধুরী বলেন, 'মেট্রোরেলের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপর ট্র্যাক লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে।'

তিনি বলেন, 'আমরা সকাল ৯টার দিকে খবর পাই। লাইনে মেইনটেনেন্সের কাজ যারা করে, তারা সর্বপ্রথম ককটেল দুটি দেখতে পায়। ‌মেট্রোরেলের লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।'

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আছে কি না জানতে চাইলে সোহেল চৌধুরী বলেন, 'যে জায়গায় ককটেল দুটি পাওয়া গেছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। কারণ লাইন তো অনেক ওপরে। তবে আশপাশের বিভিন্ন ভবনের এবং নিচের দোকানপাটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ।'