ভূমিকম্পে গাজীপুরে ভবন হেলে পড়েছে

ভূমিকম্পে গাজীপুরে ভবন হেলে পড়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ১৮:০৫

আপডেট: ২১ নভেম্বর, ২০২৫ ১৮:৩১

ভূমিকম্পের সময় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসেন। অনেকে নামতে গিয়ে আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
 
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার জালাল উদ্দিন হাসপাতালের স্বত্বাধিকারী ডাক্তার রাশেদুল হাসান রানা বলেন, 'ভূমিকম্পের ফলে অনেকে আতঙ্ক হয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে বেশ কয়েকজন জালাল উদ্দিন হাসপাতালে এসে চিকিৎসা নেন।'
 
ভোগরা এলাকার স্থানীয় বাসিন্দা কামরুন নাহার বলেন, 'সকালে ঘরে রান্না করার সময় হঠাৎ করেই রান্নাঘরের সমস্ত জিনিসপত্র কাঁপতে শুরু করে। পরে দেখতে পাই ঘরের আলমারি এবং শোকেসও কাঁপতে শুরু করে। শোকেস থেকে অনেক জিনিসপত্র পড়ে গিয়ে ভেঙে যায়।'
 
টঙ্গী স্টেশন রোড এলাকার স্থানীয় এক বাসিন্দা ইকবাল হোসেন বলেন, 'স্টেশন রোডে একটি ছয় তলা ভবন হেলে আরেকটি ভবনের সঙ্গে লেগে গেছে। এতে ভবনটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।'
 
এছাড়া, টঙ্গী, বোর্ডবাজার, কোনাবাড়ী, কাশিমপুর ও শ্রীপুর এলাকায় কারখানা শ্রমিকরা ভূমিকম্প আতঙ্কে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে বলে জানা গেছে।
 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, 'ভূমিকম্পের ফলে তাৎক্ষণিক ভাবে তেমন ক্ষয়ক্ষতির খবর এখনো আমাদের কাছে আসেনি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে।'