সেনাকুঞ্জে খালেদা জিয়া-ড. ইউনূসের কুশল বিনিময়

সেনাকুঞ্জে খালেদা জিয়া-ড. ইউনূসের কুশল বিনিময়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ১৮:৫০

আপডেট: ২১ নভেম্বর, ২০২৫ ১৯:০২

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে কুশল বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জের অনুষ্ঠানে দু'জনে কুশল বিনিময় করেন।

প্রধান উপদেষ্টা এ সময় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন।

খালেদা জিয়াও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান।

শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা হয়ে সাড়ে ৪টার পর সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া। সেনাকুঞ্জে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে অনুষ্ঠানস্থলে যান খালেদা জিয়া। এ সময় তার পরনে ছিল ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি। হাত তুলে তাকে অভিবাদনের জবাব দিতে দেখা যায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পৌঁছালে বিকেল ৪টার পর জাতীয় সংগীতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। তারপর প্রধান উপদেষ্টা বক্তব্য দেন।

বক্তব্যের শুরুতে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এর কিছুক্ষণ পর অনুষ্ঠানস্থলে পৌঁছান খালেদা জিয়া। তার বসার ব্যবস্থা হয়েছিল প্রধান উপদেষ্টার পাশের আসনে। সরকারপ্রধান এবং সাবেক প্রধানমন্ত্রীকে এ সময় হাসিমুখে কুশল বিনিময় করতে দেখা যায়।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।