ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে আক্রান্ত ৪৩৬ জন

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে আক্রান্ত ৪৩৬ জন
প্রতিকী ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ১৯:১৩

গত ২৪ ঘণ্টায় সারাদেশে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৪৩৬ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭৫ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১ জন রয়েছেন।
 
একই সময়ে ৪৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ মোট ৮৫ হাজার ৭০৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৮ হাজার ৮৯৩ জন। এর মধ্যে ৬৪ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক ১ শতাংশ নারী রয়েছেন।   
    
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৫৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।