জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ২০:৪২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন অনলাইনে ২৩ নভেম্বর বিকেল ৪টা থেকে শুরু হবে। চলবে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফি বাবদ ১ হাজার টাকা এবং আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ২০২৬ সালের ০৪ জানুয়ারির মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদা ভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর ১ ঘণ্টা সময়ের মধ্যে দিতে হবে।

শিক্ষার্থীদের ৪র্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে যথাক্রমে ৪০ শতাংশ ও ৬০ শতাংশ হিসাবে ১০০ নম্বর ও এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদা ভাবে বিষয় পছন্দক্রম অনুসারে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না।

কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চিত করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের সাত দিন আগে ভর্তিবিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন লগইন অপশন থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। 

শিক্ষার্থীর প্রবেশপত্রে ভর্তি পরীক্ষার সময়, রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থী ক্যালকুলেটর, মোবাইল ফোন ও অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।