ডেঙ্গুতে মৃত্যু কমেছে

ডেঙ্গুতে মৃত্যু কমেছে
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ১৬:৫১

আপডেট: ২৪ নভেম্বর, ২০২৫ ১৭:৩০

গত ২৪ ঘন্টায় সারাদেশে (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দু'জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৭৮ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯০ হাজার ৯৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৬৬ জনের।

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৬২ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৭ জন, খুলনা বিভাগে ৩৪ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে পাঁচ জন ও সিলেট বিভাগে ১৬ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।