নির্বাচন আর গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

নির্বাচন আর গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ১৮:৪০

আপডেট: ২৪ নভেম্বর, ২০২৫ ২২:১২

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, 'নির্বাচন আর গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে। তবে এই বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না।'

সোমবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, 'নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে তবে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। নির্বাচনের জন্য এরই মধ্যে যে বাজেট ধরা হয়েছে, গণভোটের কারণে এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করায় সেই বাজেট বাড়বে।'

তিনি বলেন, 'নির্বাচন ও গণভোট দুই দিন করা অনেক কঠিন বিষয়। নির্বাচন এবং গণভোট একদিনে করাই ভালো। পৃথিবীর অনেক দেশেই এ ধরনের ব্যবস্থা রয়েছে।'

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, 'পরিশোধিত তেল আনবে জ্বালানি মন্ত্রণালয়, আজ সেটার অনুমোদন দেওয়া হয়েছে। চালের দাম স্থিতিশীল ছিল, আবার কিছুটা বাড়ছে। এ জন্য নন বাসমতি চাল আমদানি করা হবে। সাধারণত ৪০ থেকে ৫০ হাজার টনের কম আমদানি করা হয় না। দেশের ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে জিনিসপত্রের দাম এভাবে বাড়ে না। এর সমাধান প্রশাসন দিয়ে হয় না, রাজনৈতিক সরকার লাগে।'