রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে তাদের আটক করে এমআরটি পুলিশ।
সন্ধ্যায় এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. আবু আশরাফ সিদ্দিকী এ তথ্য জানান।
আটকদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে প্রাথমিক ভাবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। এর আগেও তারা দু'বার মেট্রোরেলে করে গাঁজা পরিবহন করেছেন বলে জানা গেছে।
আবু আশরাফ সিদ্দিকী বলেন, 'সম্প্রতি বিভিন্ন কারণে প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বাড়ানো হয়েছে। চেকিংরত অবস্থায় শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।'
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিলেন। এর আগেও তারা দু'বার মেট্রোরেলে করে গাঁজা পরিবহন করেছেন।
এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান বলেন, 'আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হবে। বড় ব্যাগ কিংবা সন্দেহজনক কাউকে দেখলে চেকিং করা হচ্ছে।'
আরো পড়ুন: