টাঙ্গাইলে রেস্টুরেন্টে খাবার সরবরাহকারীকে জরিমানা

টাঙ্গাইলে রেস্টুরেন্টে খাবার সরবরাহকারীকে জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ২০:২২

আপডেট: ২৪ নভেম্বর, ২০২৫ ২২:২১

টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না এবং পঁচা মাংস দিয়ে খাবার প্রস্তুতের দায়ে হাজী বিরিয়ানি, কাচ্চি খাদক এবং হানিফ কাচ্চি বিরিয়ানি নামক রেস্টুরেন্টে খাবার সরবরাহকারী জহিরুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। 

তিনি বলেন, 'দুর্গন্ধযুক্ত পঁচা মাংস দিয়ে খাবার প্রস্তুত, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না এবং পঁচা খাবার নতুন খাবারের সাথে মিশিয়ে স্থানীয় কাচ্চি খাদক, হাজী বিরিয়ানি ও হানিফ বিরিয়ানি নামক রেস্টুরেন্টে নিয়মিত সরবরাহ করতেন জহিরুল ইসলাম। এসব খাবার সরবরাহ ও ভোক্তাদের খাওয়ানো প্রতারণার শামিল। এর পরিপ্রেক্ষিতে খাবার সরবরাহকারী জহিরুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে সেনেটারি ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- এর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল এবং বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।