বকশীগঞ্জে সাবেক এমপিসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

বকশীগঞ্জে সাবেক এমপিসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ২২:৩২

আপডেট: ২৪ নভেম্বর, ২০২৫ ২২:৩৩

জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদি হয়ে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) মামলাটি দায়ের করেন।

সোমবার বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ মামলার এ তথ্য জানান।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের জুলাইয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চলাকালে ১৭ জুলাই বিকেল ৩টার দিকে বকশীগঞ্জ পৌর শহরে একটি মিছিল বের করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আন্দোলন দমাতে মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা বিসমিল্লাহ হোটেলে অগ্নিসংযোগ করেন। পর দিনও একই ভাবে সরকার পতনের লক্ষ্যে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল বের করলে এজাহারভূক্ত আসামিসহ অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ ব্যক্তি আবারও হামলা ও ভাঙচুর চালায়। তাদের হামলায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

গত বছরের ০৫ আগস্ট সরকার পতনের পর পালিয়ে যায় আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মীরা।

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাবেক বৈষম্যবিরোধী ছাত্রনেতা ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদি হয়ে জুলাই আন্দোলনে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় ২০ নভেম্বর বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ, তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার, জহুরা বেগম, জেলা পরিষদের সাবেক সদস্য শিলা সারোয়ার, জয়নাল আবেদীন, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল তালুকদার, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ধানুয়া-কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাবেক এমপি আবুল কালাম আজাদের এপিএস মোস্তাফিজুর রহমান বিপ্লব, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়াসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ মামলা রুজু জানান, তদন্ত শেষে আসামিদের গ্রেপ্তার করা হবে।