ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ১৬:৪৭

আপডেট: ২৭ নভেম্বর, ২০২৫ ১৭:৪৪

গত ২৪ ঘন্টায় সারাদেশে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৬৭ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন।+

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত ৫৬৭ জনের মধ্যে বরিশাল বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯২ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন, খুলনা বিভাগে ৪১ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে দু'জন ও সিলেট বিভাগে চার জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘন্টায় সারাদেশে ৫৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯০ হাজার ২১৯ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯২ হাজার ৭৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়েছিল অক্টোবর মাসে। আর নভেম্বরে সেই সংখ্যা ছাড়িয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।