ঝিনাইদহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বুধবার বিকালে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এমরান হোসেন চৌধুরী এ দণ্ডাদেশ প্রদান করেন।
বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল ওহাব এ তথ্য জানান।
সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান (৫০) কালীগঞ্জ উপজেলার চাদবা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ আগস্ট গভীর রাতে কথা কাটাকাটির একপর্যায়ে মতিয়ার রহমান তার স্ত্রী পারুলকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই পারুল মারা যান। ওই ঘটনায় পারুলের বাবা ইসাহাক মন্ডল কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও শুনানী শেষে আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত মতিয়ার রহমানকে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমান বলেন, বাদিপক্ষ ন্যায় বিচার পেয়েছে। তবে সর্বোচ্চ শাস্তির জন্য বাদিপক্ষ আপিল করবে কি না, সেটা তারা আলোচনা করে পরে সিদ্ধান্ত নেবে।
আরো পড়ুন: