বিরোধপূর্ণ জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ৩

বিরোধপূর্ণ জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১৬:৪১

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিরোধপূর্ণ ১৮ শতক জমির জন্য লড়াই করে প্রাণ গেল দু'পক্ষের তিন জনের। এ ঘটনায় বেশ কয়েকজন আহতরা হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিক উল্লাহ'র ছেলে এরশাদুল হক (৪২), খাদে হোসেনের স্ত্রী কুলছুম বেগম (৫০) ও জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫৫)।

আহতরা হলেন- পনির উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগম (৩২), মোফাজ্জল হোসেন (২৪), এরশাদের স্থ্রী মঞ্জুয়ারা বেগম (৩৫) সহ আরও বেশ কয়েকজন। 

জানা গেছে, সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় আপন চাচাত-জেঠাত ভাই বছির উদ্দিনের ছেলে মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ এবং জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন ও আজিজার রহমান প্রায় এক বছর আগে যৌথ ভাবে ১৮ শতক জমি কেনেন। এরপর এটি দখলে নেয় মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় ভাবে একাধিকবার শালিসী বৈঠক হলেও এর সমাধান হয়নি। 

রোববার সকালে আলতাফ হোসেন ও আজিজার রহমান লোকজন নিয়ে বিরোধপূর্ণ সে জমির দখল নিতে গেলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই এরশাদুল হক ও কুলছুম বেগম মারা যান। হাসপাতালে নেয়ার পথে মারা যান আলতাফ হোসেন। গুরুতর আহত হন সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগম (৩২), মোফাজ্জল হোসেন (২৪), এরশাদের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩৫) সহ আরও বেশ কয়েকজন। 

তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রমেক হাসপাতালে নেয়া হচ্ছে সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগম (৩২) বেগমকে। 

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, 'জমি-জমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছেন একাধিক। ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। আমিও যাচ্ছি।