খুলনায় আদালতের সামনে কুপিয়ে-গুলি করে ২ যুবককে হত্যা

খুলনায় আদালতের সামনে কুপিয়ে-গুলি করে ২ যুবককে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১৪:২৫

খুলনার আদালত চত্বরের প্রধান ফটকের সামনে কুপিয়ে এবং গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজন (৪০) ও হাসিব হাওলাদার (৪১)। তাদের বাড়ি রূপসার বাগমারা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসামিরা হাজিরা দিয়ে মোটরসাইকেলে বের হওয়ার মুহূর্তে দায়রা জজ আদালতের সামনে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ সূত্রে জানা যায়, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসেন রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, 'কিছু দিন আগে ভাইয়ের নামে অস্ত্র মামলা হয়েছিল। সেই মামলায় হাজিরা দিতেই আজ আদালতে আসে। বের হওয়ার সঙ্গে সঙ্গেই এমন ঘটনা ঘটবে ভাবিনি।'

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, 'গুলি ও কুপিয়ে আহত হওয়া রাজনকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। অন্যজন হাসিবও হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে বলে আমরা শুনেছি। নিহত রাজনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। হাসিবের নামেও একাধিক মামলা আছে। দু'জনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত।'

পুলিশ বলছে, এটি পরিকল্পিত টার্গেট কিলিংয়ের ঘটনা। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।