সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে প্রত্যর্পণে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে প্রত্যর্পণে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১৭:০৫

ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণে অফিসিয়াল কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'কামালকে প্রথমে প্রত্যর্পণ করা হবে- এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। অফিসিয়াল কোনো তথ্য নেই।'

গত শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হতে পারে।

গত বছর জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য কূটনৈতিক চিঠি পাঠিয়েছে ঢাকা।