তারেক রহমানের ট্রাভেল পাশ একদিনের মধ্যে ইস্যু করা যাবে: পররাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের ট্রাভেল পাশ একদিনের মধ্যে ইস্যু করা যাবে: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১৯:০৫

আপডেট: ৩০ নভেম্বর, ২০২৫ ২০:১৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাশ ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।

তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন, সরকার সেটা জানে না। দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ আটকাতে পারে- সেটি অস্বাভাবিক বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

'জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, প্রতিবেশী দেশ ভারতের তার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে' উল্লেখ করে তিনি বলেন, 'আশা করছি, দুই দেশের মধ্যে ওয়ার্কিং রিলেশন দ্রুত স্বাভাবিক হবে।'

তৌহিদ হোসেন বলেন, 'সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে আছেন- সেটা জানলেও অফিসিয়াল কোনো তথ্য জানায়নি দিল্লি। তাকে ফেরত দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।'

শেখ হাসিনা ইস্যুতে তিনি বলেন, 'তাকে ভারত ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক আটকে থাকবে না। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ।'