জামালপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১৯:৫৯

জামালপুরে এক নারীকে (৩২) ধর্ষণ মামলায় মজমত আলী (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রোববার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত মজমত আলী বকশীগঞ্জ উপজেলার কামালের বাত্তী এলাকার বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, '২০১৩ সালে স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ হয় ভুক্তভোগীর। এরপর থেকেই বকশীগঞ্জ উপজেলার কামালের বাত্তী এলাকায় বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন তিনি। ভুক্তভোগী অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। একই এলাকার মজমত আলী ভুক্তভোগীকে বিয়ের প্রস্তাব দেন। ২০২০ সালের ১৯ জুলাই রাতে মজমত আলী ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় পরবর্তী সময়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।'

তিনি বলেন, 'ধর্ষণের অভিযোগে ওই বছরের ২৪ জুলাই বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলায় ১০ জনের মধ্যে সাত জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতে রায় ঘোষণা করেন বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। দোষী সাব্যস্ত হওয়ায় রায়ে আসামি মজমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ নির্যাতনের শিকার ওই নারীকে প্রদানের আদেশ দেন আদালত।'

মামলায় বাদিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।