নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলের লাজ ফার্মাকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তর। রোববার বিকেলে জেলা সদর রোডে লাজ ফার্মায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার দিবাগত রাতে লাজ ফার্মার বিরুদ্ধে নকল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ওই রাতেই লাজ ফার্মায় অভিযান চালিয়ে সন্দেহজনক বেশ কিছু ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে ওষুধগুলো নকল প্রমাণিত হলে আইন অনুসারে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, 'জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় অভিযোগ পাওয়ার পর পরই অভিযান পরিচালনা করে ওষুধ জব্দ এবং ল্যাব পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে।'
অভিযানকালে সেনেটারী ইন্সপেক্টর শাহিদা আক্তার ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: