মেট্রোরেলের ছাদে ২ কিশোর, ট্রেন চলাচল বন্ধ

মেট্রোরেলের ছাদে ২ কিশোর, ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ২১:৩৫

আপডেট: ৩০ নভেম্বর, ২০২৫ ২১:৪৪

মেট্রোরেলের ছাদে দুই কিশোর উঠে পড়ায় চলাচল সাময়িক ভাবে বন্ধ আছে। রোববার রাত সোয়া ৮টার দিকে বাংলাদেশ সচিবালয় স্টেশনে এ ঘটনা ঘটে।

পরে রাত পৌণে ৯টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

ওই পোস্টে জানানো হয়, বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।

তবে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে কীভাবে দুই ব্যক্তি ট্রেনের ওপর উঠলেন ও ওই ব্যক্তিদের নাম-পরিচয় কিছুই জানায়নি ডিএমটিসিএল। এছাড়া কখন নাগাদ মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে তাও বলা হয়নি।

এমআরটি লাইন-৬-এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বলেন, 'বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো ট্রেনের ছাদের ওপর দুই কিশোর উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।'