নীলফামারীর সৈয়দপুরে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়াউদ্দিন মাহমুদ এ আদেশ প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আনোয়ারুল হক (৪০) সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালপাড়া গ্রামের বাসিন্দা এবং ছামিউল ইসলাম (৩০) গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ২১ আগস্ট রাতে কামারপুকুর ইউনিয়নের কিসামত গ্রামের মৃত আবেদ আলীর মেয়ে আকলিমা খাতুন (২৫) হত্যার শিকার হন। ২২ আগস্ট সকালে বাড়ির অদূরে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আকলিমার মা মমতাজ বেগম ২৩ আগস্ট সৈয়দপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ময়নাতদন্ত শেষে আনোয়ারুল হক ও ছামিউল ইসলামকে গ্রেপ্তার করলে তারা ওই গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি মো. আসাদুজ্জামান খান বলেন, 'আসামিরা নেশাদ্রব্য সেবন করে ওই নারীকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর এক শিশু আসামির বিচার কাজ শিশু আদালতে চলমান আছে।'
আরো পড়ুন: