লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্র থেকে ১৭৩ বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সকাল ৬টায় বুরাক এয়ারের একটি ভাড়া করা (চার্টার্ড) ফ্লাইটে ১৭৩ বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একযোগে তাদের প্রত্যাবাসনে কাজ করেছে।
প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধ ভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। মানবপাচারকারীদের প্ররোচণা ও সহযোগিতায় তারা সেখানে প্রবেশ করেছিলেন। পরে অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। একইসঙ্গে প্রত্যাবাসিতদের অভিজ্ঞতা জনসচেতনতা বৃদ্ধির জন্য শেয়ার করার জন্য অনুরোধ করা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিতদের জন্য পথ খরচা, খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেছে।
আরো পড়ুন: