গত ২৪ ঘন্টায় সারাদেশে (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৬৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯১ জন এবং শনাক্ত রোগী বেড়ে ৯৬ হাজার ৬৭ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭৭ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৩ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচ জন ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।
একই সময়ে মারা যাওয়া পাঁচ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একজন, দক্ষিণ সিটিতে দু'জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দু'জন রয়েছেন।
একদিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪০ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ৮৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
আরো পড়ুন: