দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ১০:১৫

চলতি শীত মৌসুমে দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি একইসঙ্গে চলতি শীত মৌসুমে জেলার এবং সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

বুধবার সকালে হালকা কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের আলোও ছড়িয়ে পড়েছে। তবে বেশ শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত কুয়াশার দেখা মিলছে। 

এর আগে গত ০১ ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়।

বুধবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রী সেলসিয়া, বাতাসের আর্দ্রতা ৮১ শতাংশ। বাতাসের গড় গতিবেগ উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ কিলোমিটার। যা মঙ্গলবার ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, 'জেলায় একটু একটু করে শীত বাড়ছে। তাপমাত্রা উঠানামা করছে। বুধবার সকাল ৯টায় চূড়ান্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। যা এই মৌসুমে দিনাজপুরে এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

অন্যদিকে, সকাল-সন্ধ্যা মানুষকে শীতের কাপড় পরতে দেখা যাচ্ছে। ভোরে মসজিদে মুসুল্লিরা শীতের কাপড় পরে নামাজে আসছেন।

বীরগঞ্জ উপজেলার ৬ নং নিজপাড়া ইউনিয়নের দেবীপুর মুসুল্লি আব্দুল জলিল বলেন, 'শীত অনুভূত হচ্ছে। ভোরে শীতের কাপড় পরে বের হতে হচ্ছে। শীত আসছে তা বোঝা যাচ্ছে।'

বীরগঞ্জ উপজেলার ৫ নং সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের বাবুল রায় বলেন, 'সকালে খুব শীত ছিল। এখন রোদ উঠেছে, হাত-পা ঠান্ডায় ঠাটাচ্ছে। এবারের মৌসুমে আজকেই প্রথম এতো শীত পড়েছে।'

ষ্টেশন এলাকায় এসে দেখা মেলে পত্রিকার হকার রুবেল ইসলাম ও লক্ষণ সরকারের। তারা বলেন, আজকে এতো শীত যে সকাল বেলা পত্রিকা নেয়ার জন্য বের হয়ে আসতে খুব কষ্ট হয়েছে। গত কয়েকদিনের তুলনায় আজ ঠান্ডা বেশী ছিল। তবে ঠান্ডা লাগলেও সাইকেল চালিয়ে পত্রিকা বিলি করতে বের হলে আর ঠান্ডা লাগেনা।'

বিরল উপজেলার নুর আলম বলেন, 'শীত এসে গেছে। মানুষ শীতের কাপড় পড়তে শুরু করেছে। গরু ছাগলকেও শীত নিবারণের জন্য চটের বস্তা দিয়ে ঝুল বানিয়ে পরিয়ে রাখা হচ্ছে।'