ট্রলি উলটে নদীতে পড়ে ৩ নারী নিহত

ট্রলি উলটে নদীতে পড়ে ৩ নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ১৫:০৫

আপডেট: ৪ ডিসেম্বর, ২০২৫ ১৭:৪০

কুমিল্লার তিতাসে নদীতে গোসল করছিলেন একই পরিবারের তিন নারী। সে সময় নদীর পাশের সড়ক দিয়ে যাওয়া একটি ট্রলি ছিটকে গিয়ে তাদের উপর পড়ে। এতে ট্রলির নিচে চাপা পড়ে তিন নারী নিহত হন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। তাদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী।

জানা যায়, নিহত তিন নারী তিতাস নদীতে গোসল করতে ছিলেন, এমন সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি খালি ট্রলি ইমন মিয়ার বাড়ির সামনে এসে উলটে তিতাস নদীতে নারীদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যান এবং সামছুন নাহারকে আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।