কক্সবাজারের টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, 'বেলা ১১টার দিকে এম ভি ‘মায়ের দোয়া’ নামক একটি যাত্রীবাহী বোট টেকনাফের কায়োকখাল থেকে ৪৫ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করে। এরপর বেলা ১২টার দিকে বোটটি টেকনাফের শাহপরী সংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছলে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। এ সময় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল সমুদ্রে ভাসতে থাকা যাত্রীবাহী বোটটি দেখতে পায় এবং বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।'
তিনি আরও বলেন, 'পরবর্তীতে উদ্ধারকৃত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।'
আরো পড়ুন: