ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের তিন জনসহ মোট চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশুসহ আরও চার জন।
শুক্রবার বেলা ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের কবিরুল ইসলামের স্ত্রী মা রিমু বেগম ও তার ছেলে রায়হান (৩), রায়হানের নানি নুরুন্নার বেগম এবং অজ্ঞাত এক বৃদ্ধ।
জানা গেছে, শিশু রায়হান শারীরিক অসুস্থ হওয়ায় সকালে তার মা ও নানি চিকিৎসার জন্য ভাঙ্গায় এসেছিলেন। চিকিৎসা শেষে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশায় অন্য যাত্রীদের সাথে পূর্ব সদরদী বাবার বাড়িতে ফিরতে ছিলেন। রেল ক্রসিং এলাকায় তাদের বহনকারী অটোরিকশা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মদিনা পরিবহনের বাসটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চার জন নিহত হন।
পুলিশ জানিয়েছে, নিহত অজ্ঞাত পরিচয়ের যাত্রীর পরিচয় সনাক্ত কাজ চলছে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, 'খবর পেয়ে স্থানীয় পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনায় আহত চার জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মদিনা পরিবহনের বাসটি জব্দ করেছে।'
আরো পড়ুন: