চিনিকলগুলো আধুনিকায়ন হলে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে: শিল্প উপদেষ্টা

চিনিকলগুলো আধুনিকায়ন হলে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে: শিল্প উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ২০:২৩

আপডেট: ৫ ডিসেম্বর, ২০২৫ ২০:২৪

অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, 'চিনিকলসমূহ আধুনিকায়ন, উন্নত আখের জাত উদ্ভাবন, আধুনিক চাষপদ্ধতি, পণ্য বহুমুখীকরণ এবং সুশাসন প্রতিষ্ঠা করা গেলে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে আবারও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।'

শুক্রবার বিকেলে দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৮৮তম আখ মাড়াই মৌসুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিল্প উপদেষ্টা বলেন, 'দেশে উৎপাদিত চিনি পর্যাপ্ত পরিমাণে গুদামে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না।'

কেরু অ্যান্ড কোম্পানিকে দেশের ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 'প্রতিষ্ঠানটি চিনি, স্পিরিট, ভিনেগার, জৈব সারসহ নানাবিধ পণ্য উৎপাদনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক বলেন, 'কেরুকে আরও বড় প্রতিষ্ঠানে পরিণত করতে এবং উৎপাদন বাড়াতে চাষী ও শ্রমিকদের আন্তরিক ভূমিকা প্রয়োজন।'

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রশিদুল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানসহ আখ চাষী, মিলের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

চলতি ২০২৫-২৬ মাড়াই মৌসুমে এই মিলটি ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 

অনুষ্ঠানে শ্রেষ্ঠ আখ চাষীদের ক্রেস্ট প্রদান করা হয়।