ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তা-ভাবনা হচ্ছে: কৃষি উপদেষ্টা

ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তা-ভাবনা হচ্ছে: কৃষি উপদেষ্টা
ছবি: পিআইডি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৭:৫৫

অন্তর্বর্তী সরকারের কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আলুতে কৃষকরা কিন্তু খুবই সাফার করেছেন। আলু চাষিদের একটা ভর্তুকি দেওয়ার চিন্তা-ভাবনা আছে আমাদের।’

রোববার সচিবালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও উপ-পরিচালকদের সঙ্গে সভা শেষে কৃষির সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘নতুন আলু কিছু কিছু এসেছে, তবে এতে এবার ১৫ দিনের মতো দেরি হবে। এর মধ্যে যদি আল্লাহ আল্লাহ করে পুরোনো আলুগুলো চলে যায় তবে ভালো। আমরা কোল্ড স্টোরেজগুলো বলেছি এবার আলু ডিসেম্বর পর্যন্ত রাখতে হবে। কৃষক যাতে তার পুরো আলু বিক্রি করতে পারে।’

আলু চাষ করা কৃষকদের কীভাবে ভর্তুকি দেওয়া হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘আলুতে কৃষককে আমরা কীভাবে ভর্তুকি দিতে পারি সে বিষয়ে চিন্তা-ভাবনা হচ্ছে।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘একটা জিনিস আমি কথা বলে দেখেছি- আলু বীজের যে দাম সেটা গতবারের চেয়ে কম। গত বছর আলু বীজের কার্টন যেটা ৪০ থেকে ৪২ হাজার টাকা ছিল, এবার সেটা ১২ হাজার টাকা। এবার অনেক কম আছে। আমি মূল্য লিখে দিতে বলেছি। যদি কোথাও মূল্য নিয়ে এদিক-সেদিক হয় তাহলে কোনো ছাড় দেওয়া হবে না।’