ফ্ল্যাট থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

ফ্ল্যাট থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫ ১৪:৫২

আপডেট: ৮ ডিসেম্বর, ২০২৫ ১৭:৫৬

রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাদের গৃহকর্মী পলাতক রয়েছে। 

সোমবার সকালে খবর পেয়ে শাহজাহান রোডের একটি বাসার ৭তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে- গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়েছে।

নিহতরা হলেন- মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণি শিক্ষার্থী ছিল।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, 'মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা কাজ করছি।'

তিনি বলেন, 'নিহতরা ভবনের ৭তলায় বসবাস করতেন। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশে বের হয়ে যান। এরপর বেলা ১২টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর মারা যায়।'

ঘটনাস্থলে থানা পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

পুলিশের একটি সূত্র বলছে, ওই গৃহকর্মীর নাম আয়েশা। সে হত্যার উদ্দেশ্যেই ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এছাড়া হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।