নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষে গুলিতে প্রবাসী নিহত

নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষে গুলিতে প্রবাসী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫ ১৯:৫২

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রবাস ফেরত এক যুবক নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরাঞ্চল নিলক্ষা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মামুন মিয়া (২৫) স্থানীয় আব্দুল আউয়ালের ছেলে। তিনি কুয়েত প্রবাসী ছিলেন এবং মাত্র ১৫ দিন আগে ছুটিতে দেশে ফিরেছিলেন।

স্থানীয়রা জানান, নিলক্ষা এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার সকালে স্থানীয় বাজার এলাকায় ফেলু মিয়ার মেয়ের জামাতার সঙ্গে নিহত মামুনের কথা কাটাকাটি হয়। এর জেরে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দু’পক্ষের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পালটা ধাওয়া শুরু হলে মামুনসহ কয়েকজন গুলিবিদ্ধ হন।

আহত অবস্থায় মামুনকে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অন্যদের মধ্যে মামুনের বাবা আউয়াল মিয়া (৫৫) এবং পরশ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, 'খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে একজন নিহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।'