আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বুধবার সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রহমানেল মাসউদ।
মঙ্গলবার তিনি এ তথ্য জানান।
ইসি রহমানেল মাসউদ বলেন, 'বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।'
তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতার বিষয়ে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
রহমানেল মাছউদ বলেন, 'বিটিভি ও বেতারকে চিঠি দিচ্ছে ইসি সচিবালয়। ভাষণের মাধ্যমে তফসিল হবে। ১০ ডিসেম্বর হতে পারে। আর তো সময় নেই। ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল দিতে হবে।'
জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন। তফসিলে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন ধার্য করা হতে পারে বলে জানা গেছে। তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক হবে। সেখান থেকে ফিরে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে। রেকর্ড শেষে এ দিন সন্ধ্যার দিকে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। তবে কোনো কারণে বুধবার তফসিল ঘোষণা না হলে বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
আরো পড়ুন: