সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বৃহস্পতিবার সন্ধ্যায়

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বৃহস্পতিবার সন্ধ্যায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৬:৪২

আপডেট: ১০ ডিসেম্বর, ২০২৫ ২১:০০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান।

তিনি বলেন, 'বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনারের রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে।'

আদালতের রায়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, 'আমরা এখনও আদালতের রায় হাতে পাইনি। আপাতত নির্বাচন কমিশনের গেজেটেড ৩০০ সংসদীয় আসনে তফসিল ঘোষণা করা হবে। আদালতের রায় পাওয়ার পর কমিশনের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।'