অন্তর্বর্তী সরকারের পুনর্বহাল করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠাকে সম্পূর্ণ সুরক্ষিত সংস্কার হিসেবে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, 'সংস্কার প্রসঙ্গে আলোচনা উঠলেই সাধারণ মানুষের মনে অনিশ্চয়তা দেখা দেয়- পরবর্তী রাজনৈতিক সরকার এলে কি এসব পরিবর্তন টিকে থাকবে?'
তিনি দৃঢ় ভাবে বলেন, 'অন্তত দুটি গুরুত্বপূর্ণ বিষয় কখনোই হারিয়ে যাবে না।'
আসিফ নজরুল বলেন, 'তত্ত্বাবধায়ক ব্যবস্থা সুপ্রিম কোর্টের এক রায়ের মাধ্যমে সুরক্ষিত, ‘এটি বাতিল হওয়ার কোনো সম্ভাবনাই নেই।'
সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রসঙ্গে তিনি বলেন, 'এ আইনটির অভিভাবক হিসেবে কাজ করবে সুপ্রিম কোর্ট নিজেই। আমি বিশ্বাস করি না যে কোনো সরকার এসব সংস্কার প্রত্যাহারের চিন্তাও করবে। এই দুটি উপাদান মৌলিক- আমাদের তত্ত্বাবধায়ক সরকার থাকবে, আর আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে। এ দুটো একসঙ্গে মানবাধিকার অগ্রগতির বড় নিশ্চয়তা প্রদান করে।'
অন্তর্বর্তী সরকারের বাস্তবায়িত সংস্কারগুলো টিকিয়ে রেখে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছে আইন উপদেষ্টা বলেন, 'ভবিষ্যতের অগ্রযাত্রা অবশ্যই এসব অর্জনের ভিত্তির ওপর দাঁড়িয়েই গড়ে উঠতে হবে।'
তিনি বলেন, 'সরকার কিছু কম চ্যালেঞ্জিং আইনও প্রণয়ন করেছে যা ইতোমধ্যেই জনগণের উপকারে আসতে শুরু করেছে।'
এ পর্যন্ত অর্জিত সংস্কারগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'অনুগ্রহ করে আমরা যা সত্যিকার অর্থে অর্জন করেছি, তা মূল্যায়ন করুন। আর যেগুলো করতে পারিনি, সেগুলোর পেছনের সীমাবদ্ধতাগুলো বোঝার চেষ্টা করুন।'
আইন উপদেষ্টা বলেন, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর ধারাবাহিক নজরদারি, জবাবদিহি এবং জনস্বচ্ছতা- এসব এখন এ প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে আরও জোরদার হবে।'
অনুষ্ঠানটি আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিষয়ক বিভাগ।
আরো পড়ুন: