মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার

মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ২১:২৪

আপডেট: ১২ ডিসেম্বর, ২০২৫ ২১:২৫

কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়ায় মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হয়েছে। শুক্রবার রাত সোয়া ৮টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়।

রাত সোয়া ৮টার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঠিক কী কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল বা শনিবার নির্ধারিত সময়ে মেট্রোরেল চলাচল করবে কি না, তা উল্লেখ করা হয়নি।

কর্মকর্তা-কর্মচারীদের একাংশের কর্মবিরতির কারণে মেট্রোরেলে শুক্রবার বিকেল ৩টা থেকে যাত্রী পরিবহন বন্ধ ছিল। ফলে উত্তরা থেকে বিকেল ৩টা ও মতিঝিল থেকে বিকেল ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে বিপাকে পড়েন যাত্রীরা।


 

খোঁজ নিয়ে জানা যায়, স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে শুক্রবার সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। এ কারণে মেট্রোরেলের যাত্রীসেবায় বিঘ্ন ঘটে।
 
যদিও ডিএমটিসিএল বৃহস্পতিবার রাতে জানিয়েছিলো, শুক্রবার মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। কিন্তু কর্তৃপক্ষের এই ঘোষণা মানেননি আন্দোলনকারীরা। পরে রাতে তারা আন্দোলন প্রত্যাহার করেন।
 
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, সকাল থেকে দিয়াবাড়িতে অবস্থান নেন আন্দোলনকারীরা। ডিএমটিসিএলের এমডিসহ কর্মকর্তারা বন্ধের দিনও প্রধান কার্যালয়ে অবস্থান করে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তারা তাৎক্ষণিক বিধিমালা অনুমোদন চান। অনুরোধ উপেক্ষা করে যাত্রীসেবা বন্ধ করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে কর্তৃপক্ষ।