হাদির অবস্থা খুবই সংকটাপন্ন: ডা. জাহিদ রায়হান

হাদির অবস্থা খুবই সংকটাপন্ন: ডা. জাহিদ রায়হান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ২১:৫৯

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান বলেছেন, ‘গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। তবে, তিনি বেঁচে আছেন।’

শুক্রবার রাতে এক গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। 

ডা. জাহিদ রায়হান বলেন, ‘অপারেশন চলার সময়েও আমাদের অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞরা বলেছেন উনার এফোর্ট আছে। এর মনে হলো নিজস্ব শ্বাস-প্রশ্বাসের শক্তি আছে। উনি বেঁচে আছেন।’

তিনি বলেন, ‘অপারেশন চলাকালে হাদির দু'বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উনার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়েছিল। আমরা রোগীর ব্যাপারে কোনো আশার কথা বলবো না, তবে উনি এখনো বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা।’

ওসমান হাদির মাথার একপাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে বলে ধরে নিয়েছেন চিকিৎসকরা, এ কথা জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘বুলেট যদি ভেতরে থেকেও যায়, আমরা ধরে নিলাম মগজের ভেতরে আছে। ওটা একদম মগজের সেন্টার পয়েন্টে। ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নাই, ওটা করাও হয় না।’

তিনি বলেন, ‘তবে বুলেটটা বের হয়ে গেছে। একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। তবে বুলেটের কিছু ফ্রেগমেন্ট (অংশ) ব্রেনের ভেতর থেকে গেছে। আমরা যখন অপারেশন করেছি কিছু ফ্রেগমেন্ট আমরা পেয়েছি। আমরা সেগুলো সংগ্রহ করেছি, খুব ছোটো ছোটা ফ্রেগমেন্ট।’

ভালো আইসিউই সাপোর্টের জন্য ওসমান হাদির স্বজনরাই এভারকেয়ার হাসপাতালে তাকে নিয়ে যেতে চেয়েছেন বলে জানিয়েছেন ডা. জাহিদ রায়হান।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা। পরে ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পৌণে ৩টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অস্ত্রোপচার শেষে রাত ৮টার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্স করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন। এর আগে রাতে সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হয়।

সূত্র: বিবিসি বাংলা।