ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ১৮:০০

আপডেট: ১৪ ডিসেম্বর, ২০২৫ ১৮:০৭

গত ২৪ ঘন্টায় সারাদেশে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮৭ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ নিয়ে চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৪৭ জন। এর মধ্যে ৬২ দশমিক পাঁচ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক পাঁচ শতাংশ নারী।    

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৮৭ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৫ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২ জন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চার জন রয়েছেন।
     
একই সময়ে দেশে ৪৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত মোট ৯৮ হাজার ৭২৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।