হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:৩০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার দুই দিন পর পল্টন মডেল থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে আসামি হিসেবে একজনের নাম দেওয়া হয়েছে।

সোমবার সকালে পল্টন মডেল থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, 'ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে।'

তবে এর চেয়ে বেশি কিছু তিনি বলতে চাননি।

এ ঘটনায় রোববার অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী বেগম সামিয়া, শ্যালক শিপু ও বেগম মারিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ছয় জনে।

এর আগে রোববার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম বলেন, হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম। এছাড়া র‌্যাব পৃথক অভিযানে সন্দেহভাজন মো. আব্দুল হান্নানকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে। এ সময় হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শরিফ ওসমান হাদিকে সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।