হাদির হত্যাচেষ্টা মামলা ডিবিতে হস্তান্তর

হাদির হত্যাচেষ্টা মামলা ডিবিতে হস্তান্তর
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ১৯:৪৩

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার পল্টন মডেল থানায় দায়ের হওয়া মামলাটি এখন থেকে ডিবির মতিঝিল বিভাগ তদন্ত করবে। 

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় পল্টন থানায় যে মামলা দায়ের করা হয়েছিল, সেটি তদন্তের স্বার্থে ডিবিতে স্থানান্তর করা হয়েছে। এখন মামলার সার্বিক তদন্ত পরিচালনা করবে ডিবির মতিঝিল বিভাগ।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনি প্রাচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। এরপর হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। সেখানে থেকে গুরুতর অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।